উখিয়ার দারগা বাজারে দীর্ঘদিনের বিরোধের অবসান, হিন্দু সম্প্রদায় ও মুন্সী পরিবারের মধ্যে সমঝোতা

শফিউল শাহীন, কক্সটিভি: কক্সবাজারের উখিয়া উপজেলার দারগা বাজারে দীর্ঘদিন ধরে চলে আসা সনাতনী হিন্দু সম্প্রদায় ও মুন্সী পরিবারের মধ্যকার বিরোধের অবসান হয়েছে। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে আলোচনার মাধ্যমে বিরোধটির স্থায়ী সমাধান করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উখিয়া দারগা বাজারের ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী।
এ সময় সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের বিষয়গুলো পর্যালোচনা করে উভয় পক্ষের সম্মতিতে সমাধানে পৌঁছানো হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের এ বিরোধকে কেন্দ্র করে এলাকায় নানা সময় উত্তেজনা সৃষ্টি হতো। প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়ায় বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে বলে আশা করছেন তারা। উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার ও সংশ্লিষ্টদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধের সমাধানই শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম পথ।