সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজারের টেকনাফে ব্যক্তি মালিকানাধীন জমি দখলে বাধা দেয়ায় মোঃ আবু সাইদ নামে এক ব্যবসায়ীর পরিবারের উপর হামলা চালিয়েছে ভূমিদস্যুরা।
গত ২৮ অক্টোবর বিকেলে সদর ইউনিয়নের কচুবনিয়া ফতেহআলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী আবু সাঈদের স্ত্রী লাইলা বেগম।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে একই এলাকার জনৈকা তাহেরা তজল্লীর কাছ থেকে ১০ শতক ভিটে জমি ক্রয় করেন ব্যবসায়ী আবু সাঈদ। এরমধ্যে ৫ শতক জমির উপর বসতবাড়ি রয়েছে। অবশিষ্ট ৫ শতক জমিতে সুপারি বাগান করার পরিকল্পনায় ঘেরাবেড়া দেয়ার প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দিতে আসে পার্শ্ববর্তী কিছু ভূমিদস্যু। প্রতিবেশী ইউনিয়ন সাবরাং এর বাসিন্দা মৃত নূর আহমেদের ছেলে মুসলিম মিয়া এবং বাদশা মিয়ার ছেলে আবছার মিয়ার নেতৃত্বে একদল ভূমিদস্যু অতর্কিত হামলা চালায়।
এসময় আবু সাঈদের মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরবর্তীতে তাকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী লাইলা বেগমকেও শ্লীলতাহানি এবং মারধর করে হামলাকারীরা। এসময় শিশুপুত্র সাইদুলও আঘাতপ্রাপ্ত হয়।
জমির প্রকৃত মালিক মোঃ আবু সাঈদ জানান, মূলত: তাদের ভিটে বাড়ি টেকনাফ সদর ইউনিয়ন এবং সাবরাং ইউনিয়নের সীমান্ত এলাকায় হওয়ায় জায়গা জমির এই জটিলতা সমাধানে কোন চেয়ারম্যান আন্তরিক নন। জনপ্রতিনিধি হওয়া স্বত্বেও তারা কেউ এটি সমাধানের দায়িত্ব নিতে চান না। যে কারণে জটিলতা দিন দিন বাড়ছে।
আবু সাঈদ আরও জানান, সরকারের বালামে একজনের নামে রেকর্ডীয় খতিয়ানভুক্ত জমি হওয়ার পরও মুসলিম মিয়া এবং আবছার মিয়া দিনদিন সেই জমির উপর লোলপ দৃষ্টি দিয়েই যাচ্ছে। নিজেদের কোন কাগজপত্র না থাকা সত্ত্বেও তারা দলবলসহকারে ভূমিদস্য বাহিনী নিয়ে নিয়ে বারবার ওই জমি দখল করতে আসে। শুধু তাই নয়, চলাচলের রাস্তাটিও বন্ধ করে দিয়েছে তারা।
বর্তমানে দুই হাতের সরু রাস্তা দিয়ে চলাচল করতেও কষ্ট হয়ে যাচ্ছে বলে জানান ভুক্তভোগী আবু সাঈদ।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন আবু সাঈদ এর স্ত্রী লাইলা বেগম।
পুলিশ জানায়, ভূমিদস্যুতায় জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



