নিজস্ব প্রতিবেদক কক্সটিভি::
কক্সবাজার শহরের যানজট নিরসনে জুলাই-আগস্টের পর দেওয়া ১ হাজার অবৈধ টমটম লাইসেন্স বাতিল এবং ২০২০ সালের বৈধ লাইসেন্স বহাল রাখার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নতুন করে ২ হাজার মিথ্যা লাইসেন্স প্রদানের অপচেষ্টা বন্ধে তদন্তের আবেদন করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার পৌরসভার প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা।
গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে কক্সবাজার টমটম চালক মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আমানুল হকের আবেদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি গত ১৫ অক্টোবর এ বিষয়ে লিখিত আবেদন করেন।
চিঠিতে বলা হয়, কক্সবাজার শহরের যানজট নিরসনের স্বার্থে জুলাই-আগস্টের পর দেওয়া ১ হাজার অবৈধ টমটম লাইসেন্স বাতিল, ২০২০ সালের বৈধ লাইসেন্স বহাল এবং ২ হাজার মিথ্যা লাইসেন্স প্রদানের অপচেষ্টা বন্ধে তদন্ত প্রয়োজন।
এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি কক্সবাজারের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
তবে এসব লাইসেন্স বাতিল বা নতুন লাইসেন্স প্রদান বন্ধে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা চিঠিতে উল্লেখ করা হয়নি। বরং অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।



