কক্সটিভি প্রতিবেদক
কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো সৈনিক মো: তিতাস শেখের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (রোববার) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি নিহত ওই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
পরিবারের দীর্ঘমেয়াদি কল্যাণ ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আর্থিক অনুদানের পাশাপাশি একাধিক বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে তাঁর জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে।
উল্লেখ্য, গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখে কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে গুলিবিনিময়ের সময় সাহসিকতার সাথে দায়িত্ব পালনকালে নিহত হন সৈনিক মো: তিতাস শেখ। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মানবপাচারবিরোধী অভিযানে তাঁর এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেনাবাহিনী।



