টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪



নিজস্ব প্রতিবেদক::


টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৪ জনকে মাদক আটক করা হয়।


টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।


আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকার আঃ খালেক (২৫) ও নূর ফয়সার (২৫), টেকনাফ পুরাতন পল্লান পাড়া এলাকার মিজানুর রহমান (২৪) এবং ১৪ নম্বর এফডিএমএন ক্যাম্পের ব্লক-বি/৩ এলাকার হাফেজ আহম্মদ (২৯)।


বিজিবি সূত্রে জানা গেছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির আওতাধীন টেকনাফ সদর নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলুগোলা পোস্ট সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমারের মংডু খাল থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পাওয়া যায়। গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল দল নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথগুলোতে কৌশলগত অবস্থান নেয়। পরে যৌথ আভিযানিক দল নাফ নদীতে অভিযান পরিচালনা শুরু করে।


অভিযানের একপর্যায়ে বিএসপি পোস্ট থেকে আনুমানিক ৩০০ মিটার পূর্বে এবং শূন্যলাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ মিটার দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকার গতিবিধি দেখতে পায় যৌথ আভিযানিক দল। পরে নৌকাটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় নৌকায় থাকা ৪ ব্যক্তিকে আটক করা হয়।


অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক কারবারিরা ইয়াবার চালান নদীতে ফেলে দেয় বলে জানিয়েছে বিজিবি। পরে যৌথ আভিযানিক দল নাফ নদীর ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায়। একপর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় ফেলে দেওয়া ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযান শেষে মোট ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।


বিজিবি জানিয়েছে, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে জব্দ করা ইয়াবাসহ অন্যান্য আলামতের বিষয়ে এসআরবি কর্তৃক নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।