রামুতে লন্ডনপ্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, কক্সটিভি :: কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে লন্ডন প্রবাসী মো. আবুল কালাম আজাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে সরেজমিনে বাড়িটি পরিদর্শন করা হয়। এ সময় আবুল কালাম আজাদের মা অভিযোগ করে বলেন, গত ২১ জুলাই ২৫ইং তারিখ একদল মুখোশধারী লোক তাদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা তার ছেলে মো. আবুল কালাম আজাদকে তাদের হাতে তুলে দিতে হুমকি দেয়। এ সময় তার বড় ছেলের ওপরও হামলা করা হয় বলে তিনি জানান। তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে আবুল কালাম আজাদের বড় ভাই জানান, ২১ জুলাই বুধবার সন্ধ্যায় ৮–১০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আমার ছোট ভাইকে খোঁজতে এসে না পেয়ে পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করে। আমার ছোট ভাইকে না পেয়ে আমার উপর এলোপাতাড়ি মারধর চালায় বর্তমানে তারা নিয়মিত হুমকির মধ্যে দিন কাটাচ্ছেন বলেও অভিযোগ করেন। তিনি আরও জানান, এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসেও তার ছোট ভাইয়ের ওপর অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। সে সময় প্রশাসনের শরণাপন্ন হলেও তারা সন্তোষজনক বিচার পাননি বলে দাবি করেন। এদিকে স্থানীয় প্রতিবেশীরা জানান, মানুষের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে এগিয়ে এসে দেখতে পান ৮–১০ জন মুখোশধারী ব্যক্তি আবুল কালাম আজাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা।