জেলেদের খবরে সৈকত থেকে উদ্ধার অজ্ঞাত নারী-পুরুষের লাশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত সংলগ্ন পৃথক স্থানে জোয়ারের পানিতে ভেসে আসা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া এলাকায় মরদেহ দুটি ভেসে উঠতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অলোক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার। তিনি জানান, সাগরের জোয়ারের স্রোতে মরদেহ দুটি আলাদা স্থানে ভেসে আসে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। পুলিশ জানায়, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।