রামুতে পুলিশের অভিযানে ১লক্ষ ৫০হাজার পিস ইয়াবাসহ আটক ১
Tuesday, February 17, 2026
তানিম হোসেন ইমন,রামু::
আজ ১৭/০২/২০২৬ খ্রি. তারিখ দিন অনুমান ০৪:০০ ঘটিকায় রামু থানা পুলিশ-এর একটি আভিযানিক দল রামু থানা এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক কারবারি একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক)যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মরিচ্যা হতে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচার করছে।
সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সকাল অনুমান ০৭:৩০ ঘটিকা হতে রামু থানাধীন শিকলঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে মরিচ্যা-রামু পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করা হয়। সকাল অনুমান ০৯:১৫ ঘটিকার সময় রামু বাইপাস অভিমুখী একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক) চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা থামার সংকেত প্রদান করেন। কিন্তু চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করে।
এ সময় রামু থানা পুলিশের টিম পিকআপটির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে পিকআপটি রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থামে। গাড়ি হতে ৩/৪ জন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোঃ হারুন (২৯), পিতা- হোসেন আহমদ, মাতা- রশিদা বেগম, সাং- পূর্ব দারিয়ারদিঘী, মন্ডলপাড়া, ১নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজারকে তার ডান হাতে থাকা একটি সাদা বস্তাসহ আটক করা হয়।
তাৎক্ষণিক উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামির নিকট হতে উদ্ধারকৃত প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০,০০০ পিস করে সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীঃ
১। মোঃ হারুন (২৯), পিতা- হোসেন আহমদ, মাতা- রশিদা বেগম, সাং- পূর্ব দারিয়ারদিঘী, মন্ডলপাড়া,১নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউপি, থানা-রামু, জেলা- কক্সবাজার।
জব্দকৃত আলামতঃ
১। ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট।
২। ঘটনাস্থলে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক)।



