গ্যাসের জন্যে দাঁড়িয়ে থাকা গাড়ীর উপর তুলে দিলো মারছা বাস,নিহত খুরুশকুলের মুজিব

গ্যাসের জন্যে লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ীর উপর তুলে দিলো মারছা পরিবহনের একটি বাস। ঘটনাস্থলে প্রাণ হারায় একজন। আহত হয়েছে ৪ জন। সোমবার দিবাগত রাত ১ টার সময় কক্সবাজার সদর উপজেলা পরিষদের সামনে আশরাফ আলী পেট্রোল পাম্পে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতে মোহাম্মদ মুজিব (৩৮) একজন নোহা চালক।সে খুরুশকুল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে আসা বেপরোয়া গতির একটি মারছা বাসের ধাক্কায় সদর উপজেলা গেইটে আশরাফ আলী পেট্রোল পাম্পে গ্যাসের জন্যে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ী দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক্স নোহা চালক মোহাম্মদ মুজিব নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। নিহতের ছোট ভাই একরাম জানান, মোহাম্মদ মুজিব দৈনন্দিন কাজ শেষে গ্যাস নেওয়ার জন্য গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির বাসটি এসে ধাক্কা দেয়।সে এক্স নোহার চালক ছিলেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারচালক আহত শাহেদ বলেন, উপজেলা গেইট এলাকায় গাড়িগুলো সারিবদ্ধভাবে রেখে গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। চট্টগ্রাম থেকে আসা বাসটি আমাদের ওপর তুলে দেয়। যে ব্যক্তি মারা গেছেন, তিনি আমার পেছনে ছিলেন। ঘটনার পর মারছা বাসটি টার্মিনাল এলাকায় রেখে ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ বাসটি ও ক্ষতিগ্রস্ত গাড়িগুলো জব্দ করেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, মারছা বাসের চালকের নাম কফিল, তিনি চকরিয়া উপজেলার বাসিন্দা।