নির্বাচনে যারা সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রি করছে তারা কোনদিন সফল হবেনা-সালাহউদ্দিন

আহসান সুমন, কক্সবাজার :: নির্বাচনে যারা সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা চালিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে তারা কোনদিন এদেশে সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার-৩, (সদর, রামু ঈদগাঁও) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? এমন প্রশ্নও তুলেন সালাহউদ্দিন আহমদ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, জামায়াত কোন ইসলামিক দল নয়; মওদুদী ইসলাম মন্তব্য করে হেফাজতে ইসলামের কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বিশেষ অতিথির বক্তব্যে বলেছেন, ইসলামের লেবাস নিয়ে একটি দল ক্ষমতার স্বপ্নে বিভোর। দলটি এখন দেশকে ওয়াশিংটনের হাতে তুলে দিতে চায়। বাংলাদেশকে আমরা দিল্লী বা ওয়াশিংটন, কোন শক্তির তালুকবন্দি হতে দেবো না। বিকেল ৩টায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা (বাহারছড়া গোল চত্বর) মাঠে শুরু হওয়া জনসভা চলে বিকেল সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত। তবে জনসভা শুরুর আগে দুপুর ২টা থেকেই দলে দলে জনসভাস্থলে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। এক পর্যায়ে হাজার হাজার নেতাকর্মীর সরব উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠে জনসভাস্থল। এসময় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হতে দেখা যায়। এতে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।