আওয়ামী লীগ না থাকায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না: সিপিডি

ডেস্ক রিপোর্ট কক্সটিভি:: আওয়ামী লীগ না থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এছাড়া নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর দেওয়া ইশতেহার অনেকটা ইতিবাচক হলেও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ‘নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। নির্বাচনকে কেন অন্তর্ভুক্তিমূলক বলে মনে হচ্ছে না এমন প্রশ্নের জবাবে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে— পতিত দলটির ভোটই হচ্ছে ডিসিসিভ ফ্যাক্টর। এটা দিয়ে বুঝা যায়, একটা বড় অংশের ভোটারকে তার চাহিদা মতো ভোট দেওয়া হচ্ছে না। সুতরাং আমাদের কাছে এই জায়গা থেকে মনে হয়, একটা বড় অংশের ভোটার তাদের ভোট দেবার ক্ষেত্রে প্রার্থী পছন্দের সুযোগ সেটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে। সেটা আমাদের কাছে মনে হয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে ভোটারদের জায়গা থেকে কিছুটা হলে সেটা পূর্ণ হচ্ছে না।’ সংবাদ সম্মেলনে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এবারের নির্বাচনী ইশতেহারে নতুনত্ব এনেছে রাজনৈতিক দলগুলো। রাস্তাঘাট বা অবকাঠামো উন্নয়নের গৎ বাঁধা প্রতিশ্রুতি থেকে বেরিয়ে এসেছে। তারা সামাজিক উন্নয়নের দিকে নজর দিয়েছে। তবে তাও যথেষ্ট নয়।’ নির্বাচন ও গণভোট ইস্যুতে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না। গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।’ নানা উদ্যোগের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়নে অর্থের যোগান আসবে কোথা থেকে, নির্বাচনী ইশতেহারে তার উল্লেখ নেই বলেও মন্তব্য করেন সিপিডির গবেষণা পরিচালক। অর্থনীতি বাঁচাতে নতুন ব্যাংক অনুমোদন না দিয়ে বরং দুর্বল ব্যাংকগুলো বন্ধ করে দেয়ার সুযোগ রয়েছে। নতুন সরকারকে সে ব্যাপারে নজর দেয়ার অনুরোধ করেছে সিপিডি।