জ্যেষ্ঠ সাংবাদিক এরশাদ আর নেই; আছরের পর জানাযা
Friday, March 27, 2026
সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মোহাম্মদ এরশাদ আর নেই। শনিবার সকাল ৭টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
হামিদ মোহাম্মদ এরশাদ (এইচ এম এরশাদ) এর মৃত্যকালে বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পূর্বপাড়ার মরহুম বদিউল আলমের ছেলে। এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক তিনি।
প্রয়াতের ভ্রাতুষ্পুত্র ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন জানান, এইচ এম এরশাদ গত কয়েকদিন ধরে ঠান্ডাজনিত রোগে ভূগছিলেন। শনিবার ভোরে বাসায় অসুস্থতা অনুভব করলে এইচ এম এরশাদকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিকেলে আছরের নামাজের পর কক্সবাজার শহরের হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে এইচ এম এরশাদের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তার শেষ ইচ্ছানুযায়ী এসএম পাড়া জামে মসজিদের কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।
এইচ এম এরশাদ জনকণ্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার। তিনি উখিয়া-টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন।
প্রয়াতের মেয়ে হাইকোর্টের আইনজীবী, এক ছেলে কক্সবাজার জজ কোটের আইনজীবী ও অপর ছেলে ব্যবসায়ী।
এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মোহাম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিবেদনা জানিয়েছে কক্সবাজারের সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন।



