কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৯ জনের
Sunday, March 22, 2026
কক্সটিভি নিউজ ডেস্ক::
ঈদের দ্বিতীয় দিনে ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত মানুষ।
কুমিল্লা
কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাত পুরুষ, দুজন নারী ও তিন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই বাসের যাত্রী।
শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি পরিবহনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জে সড়কে ঝরল আরও ৪ প্রাণ
হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
ফেনী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবান
এদিকে বান্দরবানে সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত হন।



