বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Sunday, March 22, 2026
বিয়ের পিড়িতে বসা হলো না পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত জুলফিকুর রহমান জিল্লুর (২৬)। আগামীকাল সোমবার (২৩ মার্চ) বিয়ে করবার কথা ছিল তার। নিহত জিল্লুর ঈশ্বরদী উপজেলা দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে
রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে নাটোরের বড়াইগ্রামের গড়মাটি কলোনীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কলোনীর মোড়ে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছে আঘাত করে পরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গিয়ে গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকের আসনে থাকা জিল্লুর নিহত হন।
নিহতের প্রতিবেশীরা জানান, সকালে গাড়ি নিয়ে গড়মাটিতে বিয়ের অনুষ্ঠানের জন্য দুধ আনতে ও তার বোনকে নিয়ে আসার উদ্দেশ্যে জিল্লুর বাসা থেকে বের হন। পথে এ দুর্ঘটনা ঘটে।
ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



