সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব : কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

আহসান সুমন, কক্সবাজার : নিজ গ্রাম কক্সবাজারের পেকুয়াতে ঈদুল ফিতর উদযাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায় তিনি ঈদের নামাজ আদায় এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে আরও এগিয়ে নেয়া সম্ভব। সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘ-এর উদ্যোগে ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনকে সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরে তিনি এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন। পরে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।