কক্সবাজারে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন চলাচলে জেলা ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা
Tuesday, March 31, 2026
বিশেষ প্রতিবেদক :
জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও জনদুর্ভোগ কমাতে কক্সবাজার জেলায় ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে জেলা প্রশাসন। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
২৮ মার্চ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল মান্নান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারী করা হলেও ৩১ মার্চ সেটি জনসম্মুখে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে জেলার সকল সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন এবং সরকারি অনুমোদনহীন যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালক যানবাহন চালাতে পারবেন না। পাশাপাশি মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি সাশ্রয় এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ আদেশ বাস্তবায়নে পুলিশ সুপার, বিজিবি, আনসার ও ভিডিপি এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



