সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার তেল জব্দ
Monday, March 30, 2026
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি বড় ট্যাংকে তেলের মজুত খুঁজে পায় জেলা প্রশাসন। এসব ট্যাংক থেকে ড্রামে ভরে খোলা বাজারে তেল বিক্রি করা হতো বলে অভিযানে জানা গেছে।
এদিকে পাম্পগুলোতে তেলের জন্য সাধারণ মানুষের দীর্ঘ হাহাকার ও লাইনের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই কৃত্রিম সংকট তৈরি করছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযান চলাকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশে বর্তমানে তেলের কোনো প্রকৃত সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় তেল আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে।



