আহসান সুমন, কক্সবাজার ::
কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের মধ্যে মা ও তার শিশু সন্তান রয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহণের যাত্রীবাহী বাস ও উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালী নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও বান্দরবানের লামা উপজেলার ফকিরাখোলা এলাকার সাইফুল ইসলাম। নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মাজদার জানান, কক্সবাজারগামি হানিফ পরিবহনের সাথে চকরিয়াগামি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচ সিএনজিযাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন এবং অপর আহত দুই সিএনজিযাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।



