সরকারি নিলামের রুমখা বাজারে দখলবাজির অভিযোগ, বন্ধ করা হলো নির্মাণকাজ

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী রুমখা বাজার দখল করে অবৈধভাবে দোকানপাট ও বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মরহুম রহমত উল্লাহর ছেলে ফরহাদসহ আরও কয়েকজন ব্যক্তি বাজারের সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার কোটবাজারের পশ্চিম পাশে অবস্থিত রুমখা বাজারটি প্রায় দুই থেকে আড়াই শত বছর আগে প্রতিষ্ঠিত একটি পুরাতন বাজার। দীর্ঘদিন ধরে এটি স্থানীয়দের বেচাকেনা ও জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বাজারটি সরকারি তালিকাভুক্ত এবং প্রতি বছর সরকারি নিলামের মাধ্যমে ইজারা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, গত ১১ মার্চ ২০২৬ থেকে বাজারের সরকারি জায়গা দখল করে সেখানে স্থায়ীভাবে দোকানপাট ও বসতঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এতে করে বাজারের খোলা জায়গা কমে যাচ্ছে এবং সাধারণ ব্যবসায়ীরা জায়গা সংকটে পড়ছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রফিক উল্লাহ জানান, সরকারি জায়গা দখলের বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে চলমান নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, শুধু একজন নয়—বাজারের বিভিন্ন স্থানে আরও কয়েকজন ব্যক্তি সরকারি জায়গা দখল করে দোকান ও বসতঘর নির্মাণের চেষ্টা করছেন। এতে করে ধীরে ধীরে বাজারের খোলা জায়গা কমে যাচ্ছে এবং ঐতিহ্যবাহী বাজারটির স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারি না থাকায় সুযোগ নিয়ে কিছু ব্যক্তি বাজারের সরকারি জায়গা দখল করে স্থায়ী স্থাপনা গড়ে তুলছেন। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পুরো বাজারটি দখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ দখল উচ্ছেদ করে ঐতিহ্যবাহী রুমখা বাজারকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন