উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাব-১৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই যৌথ অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব জানায়, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আরিফ এবং র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ০৪টি দোকানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের কঠোর নির্দেশনা দেয়া হয়। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।