উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ

কক্সটিভি প্রতিবেদক:: খালের মোহনায় সারারাত জেগেছিলো পুরো একটি গ্রাম, ধর্মীয় রীতিতে আতংক-উৎকন্ঠায় চলছিলো নিখোঁজ এক কিশোরকে ফিরে পাওয়ার প্রার্থনা। অবশেষে ভোরে সূর্যকিরণ ছড়ালে ১২ ঘন্টার পর ভাসমান অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। শুক্রবার (৬ মার্চ) সকাল ৭ টার দিকে কক্সবাজারে উখিয়ায় রেজুরকুল এলাকার রেজুখাল থেকে স্কুলছাত্র কৌশিক বড়ুয়া বাঁধনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাঁধন স্থানীয় মালয়েশিয়া প্রবাসী পতন বড়ুয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল থেকে বাঁধনের খোঁজ পাওয়া যাওয়াচ্ছিল না। ছেলের সন্ধানে চাচা উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন, এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। পরে রাত ১০ টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, দুপুর ২টার দিকে তারা রেজুখালের মোহনায় থাকা একটি বড়ই গাছে বড়ই পেড়ে খাচ্ছিলো। ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা রানা বড়ুয়া জানান, ‘একপর্যায়ে কথিত ‘অদৃশ্য শক্তি’র ডাকে বাঁধন খালে পড়ে গেলে সেই বন্ধুটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দাবী করে। রাতে এঘটনার খবর পেয়ে খাল সংলগ্ন এলাকায় জড়ো হন হাজারো মানুষ, নিখোঁজ বাঁধনকে খোঁজার পাশাপাশি স্থানীয় বিহারের বৌদ্ধগণ ধর্মীয় রেওয়াজে প্রার্থনা ও ত্রিপিটক থেকে মন্ত্র পাঠ করতে থাকেন। পরে সকালে বাঁধনের শরীর অংশ (মাথা) ভাসমান অবস্থায় দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়। প্রথম সন্তানকে অকালে হারিয়ে প্রবাসী পতন বড়ুয়া ও শিখা বড়ুয়া দম্পতির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আর্তনাদ করতে করতে বাঁধনের মা শিখা বড়ুয়া বলছিলেন, ‘ আমি কিচ্ছু চাইনা আমার বাধনকে ছাড়া, তোমরা আমার বাঁধনকে এনে দাও।’ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, আসলে কিভাবে কিশোরটির মৃত্যু হলো পুরো বিষয়টি তদন্ত করে তারপর বলা যাবে।’ এঘটনায় প্রযোজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।