কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে পুলিশ এসআইয়ের মৃত্যু

কক্সটিভি প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের এক সহকারি উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) বিকেলে হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তা হলেন রুপম দে। তিনি হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জুনাইদ’ নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় এসআই রুপম দে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এসআই মোফাজ্জল হোসেন নামের একজন অসুস্থ বোধ করলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআই রুপম দে স্ট্রোক করে মারা গেছেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জয়নুল আবদীন জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে বলে পুলিশের উদ্বৃত্তি দিয়ে তিনি টিটিএন প্রতিবেদকের সাথে কথা বলেছেন। মৃত্যুর প্রকৃত কারন ময়নাতদন্তের পর জানা যাবে বলেও জানান জয়নুল। এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”