রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা

ডেস্ক রিপোর্ট কক্সটিভি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জোরেসোরে আলোচনায় রাষ্ট্রপতি পদ। রাষ্ট্রপতি পদ নিয়ে সরকারি দলের গণ্ডি পেরিয়ে বিরোধী দল, এমনকি জনমনেও নানা আলোচনা ঘুরপাক খাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মো. সাহাবুদ্দিন আর কতদিন থাকছেন রাষ্ট্রপতি পদে। তিনি কি স্বেচ্ছায় পদত্যাগ করবেন নাকি তাকে ইমপিচমেন্ট (অভিশংসন) করা হবে। এদিকে বর্তমান বিএনপি সরকারের একাধিক সিনিয়র নেতা এ পদে আলোচনায় রয়েছেন। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, স্বেচ্ছায় পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ-সদস্যদের মতামত লাগবে। ২০০১ সাল পরবর্তী বিএনপি সরকারের সময়ে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে ইমপিচমেন্ট করার উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তবে ওই ঘটনা বিএনপি সরকারের জন্য বেশ বিব্রতকর হয়েছিল বলে এখনো অনেকে মনে করেন। ফলে আপাতত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইমপিচমেন্ট করতে রাজি নয় বিএনপি। তবে সরকারি দল চাইলে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এমন আলোচনা আছে সরকারি দলের মধ্যে।