পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা, প্রায় শতভাগ উপস্থিতি

কক্সটিভি প্রতিবেদক:: উখিয়া উপজেলার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাকে ঘিরে কেন্দ্র এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব পদক্ষেপ। কেন্দ্র সূত্রে জানা যায়, উখিয়া-০৪ (৩০৮) নম্বর কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮৫ জন। এর মধ্যে ছাত্র ১৫৮ জন এবং ছাত্রী ৩২৭ জন। পরীক্ষার দিন উপস্থিত ছিল মোট ৪৭৯ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল মাত্র ৬ জন। ফলে প্রায় শতভাগ উপস্থিতির মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রটি প্রধান ভবনের নির্ধারিত কক্ষে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং পরীক্ষার্থীদের জন্য যথাযথ বসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য— পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজাপালং উচ্চ বিদ্যালয়, ছেপটখালী মাদরাসা সংলগ্ন উচ্চ বিদ্যালয়, ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় এবং মুক্তিযোদ্ধা ফজল করিম উচ্চ বিদ্যালয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের আশপাশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে অননুমোদিত প্রবেশ ও অপ্রয়োজনীয় ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে। কেন্দ্র সচিব নুর হোসেন কক্সটিভিকে জানান, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবেশ নিশ্চিত করেছি।”