কক্সবাজারে পর্যটক সেবীদের প্রতিষ্ঠান 'টুয়াক'র একাদশ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

আহসান সুমন, কক্সবাজার : পর্যটক সেবীদের অন্যতম প্রতিষ্ঠান ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার-(টুয়াক) এর একাদশ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) লাবণী পয়েন্টের অভিজাত একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে ২১টি পদের মধ্যে ৫টি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক পদে আকতার নূর, সহ-সভাপতি পদে এ.কে.এম মুনিবুর রহমান টিটু ও কামাল হোসেন খোকন এবং সাংগঠনিক সম্পাদক পদে নুরুল আলম রনি নির্বাচিত হন। ভোট গণনা শেষে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এছাড়া বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুরসহ অপরাপর সংশ্লিষ্টরা।