উখিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
Saturday, April 25, 2026
কক্সটিভি প্রতিবেদক::
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী সোমাইয়া শারমিন তোফা (১৮) জানান, প্রায় দুই বছর আগে সামাজিকভাবে তার বিয়ে হয় একই এলাকার মিজানুর রহমানের সঙ্গে। বিয়ের সময় তার পরিবার বিপুল অর্থ ব্যয় করলেও পরবর্তীতে তাকে প্রতিশ্রুত স্বর্ণালংকার প্রদান ও কাবিন রেজিস্ট্রি সম্পন্ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, গত কয়েক মাস ধরে তার স্বামী মিজানুর রহমান শ্বশুর-শাশুড়ি ও দেবরের প্ররোচনায় তার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় স্বামীর বাড়িতে আবারও যৌতুকের টাকা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয় এবং নবজাতক সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্বামী মিজানুর রহমান, তার পিতা আমির হোসেন, মাতা নুর নাহার বেগম এবং ভাই মোহাম্মদ হাশেমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উখিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



