কোটবাজার হকার্স সমবায় সমিতির প্রীতিভোজ ও মিলনমেলা অনুষ্ঠিত
Monday, April 20, 2026
কক্সটিভি প্রতিবেদক::
উখিয়ার জনবহুল ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র কোটবাজারে অবস্থিত কোটবাজার হকার্স সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক প্রীতিভোজ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইনানির ঝাউ বনে আয়োজন করা এ মিলনমেলা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমিতির ৪র্থ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুট্টু–এর নেতৃত্বে নবনির্বাচিত কমিটি এই আয়োজন করে। এতে সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. রেজাউল হক, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম কায়সার, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাবেক সভাপতি খুরশিদ আলম বাবুল, জাফর সওদাগর, হারুন সওদাগর, আব্দুল গফুরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে। নবনির্বাচিত কমিটি ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে এবং সমিতির কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগায়।




