উখিয়ার কোটবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় শনাক্ত
Sunday, April 26, 2026
কক্সটিভি প্রতিবেদক::
উখিয়ার কোটবাজার এলাকায় গভীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম মোহাম্মদ রবিউল (২২)।
তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার বাসিন্দা এবং মোক্তার হোছাইনের একমাত্র পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রবিউল কোটবাজার এলাকায় সড়কের ডিভাইডার স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন। এ সময় গভীর রাতে দ্রুতগতির একটি পিকআপ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা জানান, জীবিকার তাগিদে কাজ করতে এসে এভাবে প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘাতক পিকআপটি শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।



