২৮ বছরের ঝুঁকিপূর্ণ সাঁকো বদলে টেকসই লোহার সেতু, স্বস্তি পূর্ব ভালুকিয়া গ্রামবাসীর
Monday, April 13, 2026
শফিউল শাহীন, কক্সটিভি:
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব ভালুকিয়া গ্রামের তুলাতলি খালের পূর্বকুলে অবস্থিত দীর্ঘ ২৮ বছরের পুরনো ঝুঁকিপূর্ণ সাঁকো অবশেষে সংস্কার করে টেকসই লোহার সেতুতে রূপ দেওয়া হয়েছে। এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে এলাকার প্রায় ৫ হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৮ বছর আগে একটি বাঁশের সাঁকোর পরিবর্তে তক্তা দিয়ে তৈরি একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়। কিন্তু সময়ের সাথে সাথে সেটি হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতি বছর অন্তত দুইবার তক্তা পরিবর্তন করতে হতো এবং মাঝেমধ্যে তক্তা ভেঙে পড়ে দুর্ঘটনার ঘটনাও ঘটত। বিশেষ করে রাতের বেলায় চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই সেতুটি ব্যবহার করে প্রতিদিন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করে আসছিল। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গেও এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
সেতুটির নাজুক অবস্থা বিবেচনায় নিয়ে এলাকাবাসী গত বছর থেকেই সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। স্থানীয়দের আর্থিক সহযোগিতার পাশাপাশি সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক আজিজুর রহমান এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে পুরনো তক্তা অপসারণ করে লোহার প্রেলসীট দিয়ে একটি মজবুত ও টেকসই সেতু নির্মাণ করা হয়। ফলে বর্তমানে ইজিবাইক, রিকশাসহ বিভিন্ন যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে এবং রোগী পরিবহনও সহজ হয়েছে।
এলাকাবাসী জানান, “আগের চেয়ে অনেক মজবুত হয়েছে সেতুটি। এখন রাতে চলাচলেও আর কোনো ভয় নেই।”
স্থানীয়রা আরও জানান, অতীতে বহুবার বিভিন্ন মাধ্যমে এই সেতুর বিষয়টি তুলে ধরা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে চলতি বছর বর্ষার আগেই সেতুটি সংস্কার হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে আজিজুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরেই সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত রয়েছেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
উক্ত সেতু সংস্কার কার্যক্রমে সার্বিক সহযোগিতা ছিলেন ইউপি সদস্য কামাল উদ্দিন, বাদশা আলম, মোঃ ইউনুস, মসজিদের ইমাম ফরিদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



