কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণিল আয়োজন, লোকজ সুর আর নৃত্যের ছন্দে কক্সবাজারে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে সমুদ্রসৈকত এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার পৌর এলাকার সুগন্ধা সী বিচ পয়েন্টের হোটেল সী গাল এর সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ৮টায় লাবনী সী বিচ পয়েন্টের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৮টা থেকে লাবনী সৈকতের উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় লোকজ সংগীত ও নৃত্যানুষ্ঠান। এতে কক্সবাজার শিশু একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু অংশ নেয়। প্রাণবন্ত পরিবেশনায় তারা তুলে ধরে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও নববর্ষের আনন্দধারা। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। পুরো আয়োজনজুড়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে লাবনী সী বিচ পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত পরিসরে দিনব্যাপী লোকজ মেলা আয়োজন করা হয়েছে। সেখানে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন উপকরণ ও খাবারের সমাহার ঘটেছে। যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নববর্ষ উদযাপন উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়।