৫৮ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ, ইলিশ রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ
Tuesday, April 07, 2026
ডেস্ক রিপোর্ট :
ইলিশ সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত (৫৮ দিন) বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণও বন্ধ থাকবে।
সোমবার (৬ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ ঘোষণা দেন। তিনি জানান, ৭ থেকে ১৩ এপ্রিল দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ পালিত হবে।
মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৯.৭৯ শতাংশ আসে ইলিশ থেকে এবং বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশের বেশি বাংলাদেশে আহরিত হয়।
তিনি আরও জানান, ইলিশ সংরক্ষণে নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপন, আইন প্রয়োগ ও জেলেদের খাদ্য সহায়তা কার্যক্রম চালু রয়েছে। উৎপাদন বাড়লে বাজারে ইলিশের দামও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।



