উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল উলুবনিয়া এলাকার ‘সামসুলের ঘের’ নামক স্থানে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। টহলদল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কাপড়ে মোড়ানো খাকী রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী দুটি প্যাকেটে রাখা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।