উখিয়ায় র‌্যাবের অভিযান, পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ০৮ মে ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে র‌্যাব-১৫ নিশ্চিত করেছে।