খুনিয়াপালংয়ে অসহায় নারীর বসতভিটা দখলের চেষ্টায় মহিলা মেম্বার বুলবুলের নেতৃত্বে হামলা; প্রাচীর ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
Friday, May 08, 2026
বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গাইনপাড়া এলাকায় এক অসহায় নারীর বসতভিটায় জোরপূর্বক প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন ওই এলাকার স্থানীয় নারী ইউপি সদস্য বুলবুল আক্তার।
এ নিয়ে এলাকাজুড়ে চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অন্যদিকে নিরাপত্তাহীনতায় থাকা ভুক্তভোগী নারী ও তার পরিবার দখলবাজদের হাত থেকে রেহায় পেতে রামু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গর্বিত ওই মহিলা মেম্বারসহ ভূমিদস্যুদের বিরুদ্ধে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গাইনপাড়া এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে নিজের বসতভিটায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি ওই জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় প্রভাবশালী একটি চক্র তার বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতভিটায় জোরপূর্বক প্রবেশ করে বাড়ির চারপাশের টিনের বেড়া, পিলার ও বিভিন্ন স্থাপনা ভেঙে তছনছ করে দেয়া হয়।
এসময় আনোয়ারা বেগম বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করে ভূমিদস্যুরা। হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত বুধবার ৬ মে দুপুর আনুমানিক ৩ ঘটিকায় ভিকটিমের বসতভিটার পশ্চিম পাশে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার বুলবুল আক্তার, তার স্বামী দিলদার মিয়া প্রকাশ দিলু, রুবেল, ইয়াসিন, কামাল উদ্দিন, আব্দুর রহিম, উর্মিসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন ব্যক্তিকে অভিযুক্ত করে রামু থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আনোয়ারা।
স্থানীয় সূত্র আরও জানায়, ঘটনার দিন দুপুরের দিকে অভিযুক্তরা পরিকল্পিতভাবে দলবদ্ধভাবে আনোয়ারা বেগমের বাড়িতে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে বাড়ির চারপাশে থাকা টিনের বেড়া ভাঙচুর শুরু করে। অসহায় নারী এবং তার শিশু সন্তান শোর চিৎকার করে প্রতিবেশীদের ডাকলেও ভয়ে অনেকেই এগিয়ে আসেননি। পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
ভুক্তভোগী আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি একজন অসহায় নারী। আমার স্বামী-সন্তান নিয়ে কোনো রকমে জীবনযাপন করছি। তারা হঠাৎ এসে আমার বসতভিটা ভাঙচুর চালিয়ে আমাকে মারধর করেছে। এখন প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।" তাই প্রশাসনের কাছে বিচার চান তিনি।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় মহিলা মেম্বার বুলবুলি ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর অত্যাচার করে আসছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র পরিবারের জমিজমা দখল এবং ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। একজন অসহায় নারীর বসতভিটায় হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর এবং মারধরের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে আনোয়ারা বেগম রামু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে নিরাপত্তা দেয়ার দাবি জানান।
এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



