মনখালী বলি খেলার আড়ালে প্রকাশ্যে জুয়ার আসর, ধ্বংসের পথে যুব সমাজ — নীরব

জাহাঙ্গীর আলম উখিয়া: উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালীতে আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বলি খেলা ও বৈশাখী মেলাকে ঘিরে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, মেলার প্রথম দুই দিনেই অর্ধকোটি টাকারও বেশি জুয়ার লেনদেন হয়েছে। অভিযোগ রয়েছে, মেলার বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের জুয়া খেলা চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে। বিশেষ করে তরুণ ও যুবকদের বড় একটি অংশ এসব জুয়ার আসরে জড়িয়ে পড়ছে বলে দাবি করেন এলাকাবাসী। স্থানীয় সচেতন মহল জানান, আগামীকালও যদি এ ধরনের জুয়ার আসর বন্ধ না করা হয়, তাহলে এলাকার যুব সমাজ আরও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে। অনেক পরিবারে অশান্তি ও অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কাও করছেন তারা। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মেলার নামে কোনোভাবেই অবৈধ জুয়ার সুযোগ দেওয়া উচিত নয়। যুব সমাজকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।