সৌদি প্রবাসী টিপু সুলতানের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণার অভিযোগ: বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়লেন ভুক্তভোগী নারী

কক্সটিভি নিউজ ডেস্ক:: কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া (৬ নং ওয়ার্ড) এলাকার ছলামত উল্লাহর ছেলে টিপু সুলতানের বিরুদ্ধে বিয়ের নামে চরম প্রতারণা ও জীবন ধ্বংসের অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী নারী। প্রথম স্ত্রীর কথা গোপন করে মিথ্যা আশ্বাসে বিয়ে, সৌদি আরবে নিয়ে তিন মাসের কথা বলে এক মাস পর ফেরত পাঠানো এবং যৌতুকের চেইন আত্মসাৎসহ একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভুক্তভোগীর অভিযোগে। এই প্রতারণামূলক কর্মকাণ্ডে টিপু সুলতানের মা হাসিনা বেগমও সরাসরি জড়িত বলে দাবি করেছেন ওই নারী। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে মিথ্যা কথা বলে ওই নারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় টিপু সুলতান। বিয়ের পর তাকে না জানিয়েই প্রথম স্ত্রীকে বাড়িতে রেখে সৌদি আরবে নিয়ে যায় সে। সেখানে ৩ মাস রাখার কথা থাকলেও মাত্র ১ মাস পরই প্রতারণামূলকভাবে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পর ওই নারী জানতে পারেন যে টিপু সুলতান পূর্ববিবাহিত। বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করলে টিপু সুলতান প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সময় ক্ষেপণ করতে থাকে। শুধু তাই নয়, বিয়ের পর থেকে ওই নারীর কোনো ভরণপোষণ দেওয়া তো দূরের কথা, মেয়ের বাবা-মায়ের দেওয়া সোনার চেইনও আত্মসাৎ করে সে। সর্বশেষ কোনো সমাধান না করে উল্টো ডিভোর্সের নোটিশ পাঠিয়ে অন্যায়ভাবে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে এই প্রতারক চক্র। ভুক্তভোগী নারীর অভিযোগ, টিপু সুলতানের মা হাসিনা বেগম নিজের ছেলের এই একাধিক বিয়ে এবং মেয়েদের জীবন ধ্বংস করার পুরো প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সংঘবদ্ধ সিন্ডিকেটের হাত থেকে অন্যান্য নারীদের রক্ষা করতে এবং নিজের অধিকার আদায়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।