কক্সবাজার কর অঞ্চলের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কাণ্ড, দুই পরীক্ষার্থী আটক

শফিউল শাহীন, কক্সটিভি: কক্সবাজার কর অঞ্চলের অস্থায়ী জনবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ার অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কক্সবাজার শহরের খুরুশকুল রোডস্থ এস/কে টাওয়ারে কর অঞ্চল-কক্সবাজার কার্যালয়ে মৌখিক পরীক্ষা (ভাইভা) চলাকালে এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, কর অঞ্চল-কক্সবাজারের গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। এ সময় অফিস সহায়ক পদে অংশগ্রহণকারী সজল কান্তি দে (৩১) ও জয় দে (২২)-এর হস্তলিপি নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে তাদের লিখিত পরীক্ষার খাতার লেখার সঙ্গে ভাইভা বোর্ডের সামনে লিখিত নমুনা মিলিয়ে দেখা হলে অসঙ্গতি ধরা পড়ে। একপর্যায়ে তারা স্বীকার করেন যে, লিখিত পরীক্ষা তারা নিজেরা দেননি; তাদের পরিবর্তে অন্য ব্যক্তি পরীক্ষা দিয়েছেন। ঘটনার পর নিয়োগ বোর্ডের সদস্যরা বিষয়টি জেলা প্রশাসনের প্রতিনিধি ও পুলিশকে অবহিত করলে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বিভিন্ন আলামত জব্দ করে। এ ঘটনায় উপ-কর কমিশনার ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ বাদী হয়ে আটক দুইজন ও আরও অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও প্রক্সি পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরি লাভের অপচেষ্টার অভিযোগে মামলা দায়েরের জন্য থানায় এজাহার দাখিল করেছেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক প্রক্সি পরীক্ষার্থীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।