কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

আহসান সুমন, কক্সবাজার : কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘন্টা পর মোহাম্মদ আবির নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড সদস্যরা। সোমবার সকালে নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবির পুরান ঢাকার শহিদনগর, লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে নামার পর নিখোঁজ হয় আবির। সী-সেইফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক সমুদ্রে গোসলে নামেন। এসময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন নিখোঁজ হন। তবে রাত প্রায় ৮টা পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি। তিনি বলেন, নিখোঁজ পর্যটকের স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়। এরপর সোমবার নাজিরারটেক উপকূলে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে তারা লাইফগার্ড সদস্যদের খবর দিলে বিষয়টি প্রশাসন, বিচকর্মীসহ সংশ্লিষ্টদের জানানো হয় বলেও উল্লেখ করেন তিনি। ওসমান গনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল আলম জানান, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে আবিরের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। ঢাকা থেকে ৯ বন্ধু মিলে রোববার কক্সবাজারে ভ্রমণে এসে সকাল ৭টায় কক্সবাজারে পৌঁছে হোটেলে অবস্থান নেন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে তারা সী-গাল পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামলে মুঠোফোনের সেলফি তুলতে গিয়ে সাগরের পানিতে তলিয়ে যায় নিহত যুবক আবির।