রোহিঙ্গাদের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হতে হবে-আইনশৃঙ্খলা সভায় এমপি কাজল

বিশেষ প্রতিবেদক : রোহিঙ্গারা অপহরণ, মানবপাচার, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েছে; তাঁরা বাইরে অপরাধ করে আবার ক্যাম্পে ঢুকে যায়, এজন্য তাঁদেরকে ক্যাম্প থেকে ধরতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। সোমবার (১৫ জুন) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্যে করেন। তিনি আর-ও বলেছেন, "রোহিঙ্গাদের বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে, তাঁদের সকল অপরাধ শক্ত হাতে দমন করতে হবে। দিনদিন তাঁদের অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে উল্লেখ করে এমপি কাজল বলেন, তাঁদের কেন আইনের আওতায় আনা যাচ্ছে না; তাঁদের শক্তির উৎস কোথায়, এগুলো চিহ্নিত করতে হবে।” তিনি প্রশাসনের উদ্দেশ্য বলেন, ”জেলার আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে এটা বললে হবে না; চেষ্টা করতে হবে আইনশৃঙ্খলার যেনো উন্নতি হয়। ফ্যাসিস্ট সরকারের আমলে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এগুলো সব রিভিউ করতে হবে। সরকার গঠন হয়েছে মাত্র কয়েক মাস; এই সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে তা-ও কিন্তু নয়; সবকিছুর একটা সময়ের প্রয়োজন থাকে; ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।” পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ”যত্রতত্রভাবে যেখানে সেখানে ময়লা ফেলবেন না, ময়লা ফেলার নির্দিষ্ট ডাস্টবিন আছে, সেখানে ময়লা ফেলবো। এই শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে সকলে একসাথে কাজ করতে হবে। পরিশেষে তিনি প্রধানমন্ত্রীর সফরকে সফল করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান। জেলা প্রশাসক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সরকারি-বেসরকারি সকল বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সভায় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজুল উল্লাহ ফরিদ, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাহিদুল আলম, স্থানীয় সরকার কক্সবাজার এর উপপরিচালক মো: শামীম আল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: অহিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।