ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রে'প্তার, দল থেকে বহিষ্কার

পাবনায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল কাশেম নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা-পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে। পাবনায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল কাশেম নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা-পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা-পুলিশের টিম। গ্রেপ্তার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে এবং আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গতকাল সারারাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ এর আগে গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার অভিযুক্তের ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা। এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।