মাজারে মদ-গাঁজা বন্ধ ঘোষণার একদিন পরই ডিসি সরওয়ারকে বদলি
Sunday, June 21, 2026
সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারে স্বচ্ছতা নিশ্চিত এবং মদ-গাঁজার আসর বন্ধে নির্দেশনা দেওয়ার একদিনের মধ্যেই বদলি করা হয়েছে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে।
সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
রবিবার (২১ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার তথ্য জানানো হয়।
জানা যায়, শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে হযরত শাহপরাণ (রহ.) মাজারে গিয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক সারওয়ার আলম। এ সময় তিনি মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেখানে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশনা দেন।
তিনি বলেন, ওলি-আউলিয়াদের মাজার পবিত্র স্থান, যেখানে কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না। মাজারে মদ বা গাঁজা সেবনের অভিযোগ প্রায়ই পাওয়া যায় উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থান নেবে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করা হবে।
এছাড়া মাজারের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ভবিষ্যতে মাজারকেন্দ্রিক একটি সমন্বিত পরিকল্পনার আওতায় চিকিৎসা কেন্দ্র, নারীদের নামাজের ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদারের কথাও উল্লেখ করেন।
মাজারের দান সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, দানের অর্থ অবশ্যই স্বচ্ছতার সঙ্গে ব্যবস্থাপনা করতে হবে। হাতে হাতে টাকা নেওয়ার পরিবর্তে দানবাক্সের মাধ্যমে সংগ্রহের নির্দেশ দেন তিনি। এতে মানুষের আস্থা বাড়বে বলেও মন্তব্য করেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স স্থাপন করা হয় এবং দানের তিনটি ডেগ সিলগালা করা হয়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন করা হয়।
তবে প্রশাসনের এ উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেন অনেক ভক্ত-অনুরাগী। ওইদিন রাতেই মাজার প্রাঙ্গণে বিক্ষোভও করেন তারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দান সংগ্রহ প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে সব দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা দানবাক্সে জমা হবে।



