উখিয়ায় ৭ মাসের শিশুকে বিক্রির চেষ্টা, স্থানীয়দের হস্তক্ষেপে উদ্ধার

: শফিউল শাহীন, কক্সটিভি:: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল এলাকা থেকে ৭ মাস বয়সী এক শিশুকে বিক্রির উদ্দেশ্যে কোটবাজারে নিয়ে আসার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার প্রথম স্ত্রীর ৭ মাস বয়সী শিশুপুত্রকে প্রায় ৪০ হাজার টাকায় বিক্রির উদ্দেশ্যে কোটবাজারে নিয়ে আসেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা শিশুটিকে নিয়ে সন্দেহ প্রকাশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় অভিযুক্ত পিতা স্থানীয়দের কাছে স্বীকার করেন যে, দ্বিতীয় স্ত্রীর কথামতো তিনি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই শিশুটিকে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে এবং বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ধরনের অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। স্থানীয় সচেতন মহল বলছে, একটি নিষ্পাপ শিশুকে বিক্রির চেষ্টা শুধু পারিবারিক নয়, এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের শামিল। তারা শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।