উখিয়া সীমান্তে মিয়ানমারে পাচারের আগে ১৩০ বস্তা সরকারি সার জব্দ, চক্রের ৫ সদস্য চিহ্নিত
Tuesday, July 14, 2026
কক্সটিভি, উখিয়া প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ সরকারি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা কৃষি বিভাগ।
সোমবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী কবরস্থান মোড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় ‘লম্বা কালো’র দোকানের পাশের একটি বাড়ি থেকে মোট ১৩০ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নাফ নদীর তীরবর্তী ওই বাড়িতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল। উদ্ধারকৃত সারের মধ্যে কামাল উদ্দিনের ছেলে মুফিজ উদ্দিন (৪৫)–এর কাছ থেকে ৭২ বস্তা, দুদু মিয়ার ছেলে সাগর–এর কাছ থেকে ২১ বস্তা এবং নাজির উদ্দিনের ছেলে মোহাম্মদ ইউনুস–এর কাছ থেকে ৩৭ বস্তা সার জব্দ করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া সারগুলো সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
এ ঘটনায় পাচার ও অবৈধ মজুদ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনের নাম উঠে এসেছে। তারা হলেন— গয়ালমারা গ্রামের আকবর আলীর ছেলে সোনা মিয়া, তার ভাই ইউনুস, আনজুমানপাড়ার আবদুল জব্বারের ছেলে নুর মোহাম্মদ, পশ্চিম পালংখালীর নুরুল ইসলামের ছেলে বাদশা মিয়া এবং পূর্ব ফারির বিল গ্রামের দুদু মিয়ার ছেলে সাগর।
অভিযানে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মাহমুদ এবং বিজিবির সুবেদার তরিকুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার বলেন, “কৃষি উপকরণ সম্পূর্ণভাবে কৃষকদের কল্যাণের জন্য বরাদ্দ। এগুলো কোনোভাবেই অবৈধভাবে মজুদ করা বা সীমান্ত দিয়ে অন্য দেশে পাচারের সুযোগ নেই।”
জব্দকৃত সারগুলো বর্তমানে প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



