আগামী বছর থেকে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি-সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী

আহসান সুমন, কক্সবাজার : শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় রোধ ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে পাবলিক পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের উত্থাপিত এক প্রশ্নের লিখিত জবাবে সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে গতকাল বিকেল ৩টা থেকে সংসদ অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এমপি লুৎফুর রহমান কাজল শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রীর কাছে জানতে চান- "আগামী শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বর্তমান সময় হতে পরিবর্তন করা হবে কি না; হলে, কোন শিক্ষাবর্ষ হতে করা হবে?" কক্সবাজারের সংসদ সদস্যের এক তারকা চিহ্নিত এই জনগুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদকে জানান, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে পাবলিক পরীক্ষাসমূহের সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সংসদকে আরও জানান, এই লক্ষ্যের অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার কারণ ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা সম্ভব হবে এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। সরকার পর্যায়ক্রমে ভবিষ্যতে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও তিনি সংসদকে অবহিত করেন। শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, কক্সবাজারের সংসদ সদস্যের প্রশ্নের প্রেক্ষিতে জাতীয় সংসদে দেওয়া এই ঘোষণার ফলে আগামী বছর থেকে দেশের শিক্ষাপঞ্জিকায় একটি ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে।