উখিয়ায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

আর.জে রাফি কক্সটিভির প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর বিশেষ অভিযানে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের আলোকে জানা যায়, উখিয়া থানার একটি হত্যা মামলার পলাতক আসামি রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২১ জুলাই ২০২৬ বিকেল ৪টা ১০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২ (কক্সবাজার)-এর একটি বিশেষ আভিযানিক দল উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মৌলভী ইলিয়াছ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আব্দুল জলিলের ছেলে এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৯-এর ব্লক-ডি/৪ (ঘোনার পাড়া), ৪ নম্বর ওয়ার্ড, পালংখালী ইউনিয়নের বাসিন্দা। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মৌলভী ইলিয়াছ উখিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি। তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, হত্যা, মাদক ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে তাদের 'জিরো টলারেন্স' নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।