পরকীয়ার টানে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় স্বামীর লিখিত অভিযোগ

কক্সটিভি প্রতিবেদক:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পরকীয়ার সম্পর্কে জড়িয়ে সাত বছরের সংসার ও ছয় বছরের একমাত্র সন্তানকে রেখে প্রতিবেশী ভাতিজার সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী ও অভিযুক্ত ভাতিজার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী। ঘটনাটি উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃ-দেবস্থান গ্রামে। থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে বৃ-দেবস্থান গ্রামের বাসিন্দা মনি চন্দ্র দে (৩২)-এর সঙ্গে ঝর্ণা রানী দে ওরফে মায়া (২৫)-এর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ছয় বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। অভিযোগে বলা হয়, কিছুদিন ধরে একই গ্রামের প্রতিবেশী রুদ্র চন্দ্র দে (২৭)-এর সঙ্গে ঝর্ণা রানী দে-র ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে কলহ ও অশান্তি চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১ জুলাই ঝর্ণা রানী দে নিজ ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার নিয়ে রুদ্র চন্দ্র দে-র সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ করেন তার স্বামী। এ সময় ছয় বছরের সন্তানকে বাড়িতেই রেখে যান তিনি। স্ত্রীর এমন আকস্মিক চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন মনি চন্দ্র দে। পরে গত ১৫ জুলাই তিনি ঈশ্বরগঞ্জ থানায় স্ত্রী ঝর্ণা রানী দে ও রুদ্র চন্দ্র দে-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।