উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মক্তবে পাহাড়ধস, অন্তত ৪ শিশুর মরদেহ উদ্ধার; বহু শিশু আটকে থাকার আশঙ্কা

শফিউল শাহীন, কক্সটিভি:: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-এর ক্যাম্প-৫, ব্লক A03-এ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে একটি মর্মান্তিক পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ের একটি অংশ ধসে পাশের একটি মক্তবের (ধর্মীয় শিক্ষা কেন্দ্র) ওপর পড়ে গেলে সেখানে পাঠরত শিশুদের মধ্যে হতাহতের আশঙ্কা দেখা দেয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় মক্তবের ভেতরে ৩০ জনের বেশি শিশু অবস্থান করছিল। এ পর্যন্ত ৫ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্ব পালনকারী উদ্ধারকারী দল, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে আরও শিশু আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।