সীমান্তের ইয়াবার বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শাকিলের বিরুদ্ধে
Thursday, July 02, 2026
তানিম হোসেন ইমন, রামু::
জনপ্রতিনিধিত্বের আড়ালে চোরাচালানসহ ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের এমইউপি সদস্য শাহাজাহান সিরাজ শাকিল মেম্বারের বিরুদ্ধে।
একাধিক সূত্র বলছে প্রশাসনকে ম্যানেজ করে রামুর পূর্বাঞ্চল গর্জনিয়া-কচ্ছপিয়ার বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন তারা।
এছাড়াও শাকিল আওয়ামী লীগ সরকার পতনের আগে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি পদেও ছিলেন। পট পরিবর্তনের পর নিজেকে নিরাপদ রাখতে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাদের নিয়ে গড়ে তুলেন একটি সিন্ডিকেট।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, চোরাচালান ও ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের তিনি টাকার বিনিময়ে কৌশলে সাথে রেখেছেন। রাজনৈতিক চাপ না আসার জন্য তাদের সাথে নিয়ে চোরাচালান ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
অনুসন্ধানে জানা যায় , শাকিল একসময় বাজারে বাঁশের ব্যবসা করেছিলো। পরবর্তীতে এর পাশাপাশি আওয়ামী লীগ আমল থেকে সীমান্তের বার্মিজ গরু, সিগারেট, ইয়াবা একসাথে নিয়ন্ত্রণ করছে তাদের সিন্ডিকেট।
অভিযোগের বিষয়ে এমইউপি সদস্য শাহাজাহান সিরাজ শাকিল জানান, রাজনৈতিক ও আমার প্রতিপক্ষ ভূল তথ্য দিয়েছে, অভিযোগগুলো সঠিক নয়।
এদিকে প্রতিবেদক ফোন দেয়ার কয়েকঘন্টা পরে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী সংবাদ প্রচার না করতে প্রতিবেদককে শাকিলের পক্ষে সুপারিশ ও ম্যানেজ করার চেষ্টা করেন।



