শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রভাষক বরখাস্ত

শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলেজ গভর্নিং বডির জরুরি সভায় প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকৃত সোহেলী আক্তার রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে নিজের ফেসবুক আইডিতে ‘গভীর শোক’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন। ওই ফটোকার্ডে শেখ মুজিবুর রহমানের ছবিও ছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’। প্রভাষক সোহেলী আক্তার বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কিনা কিছুই জানি না। রোববার ছুটি নিয়ে এসেছি। আজকে (সোমবার) কি হয়েছে জানি না। আমার কিছু বলার নেই।