উখিয়ায় মাতব্বরপাড়া জামে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে প্রাণিসম্পদ কর্মকর্তা
Friday, August 21, 2026
শফিউল শাহীন, কক্সটিভি::
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মাতব্বরপাড়া জামে মসজিদের অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতি জহির উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে।
এ ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল নুর ছিদ্দিক বাবু, সদস্য বাহাদুর চৌধুরী ও বাপ্পুসহ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের পর বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোছাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর তিনি মসজিদ প্রাঙ্গণে গিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।
এ সময় মসজিদ কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত সভাপতি জহির উদ্দিন চৌধুরীর কাছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি আয়-ব্যয়ের সংশ্লিষ্ট কাগজপত্র ও ডকুমেন্ট উপস্থাপনের জন্য এক মাসের সময় চান।
তবে তদন্ত কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে মসজিদের সমস্ত আয়-ব্যয়ের হিসাব, ভাউচারসহ সংশ্লিষ্ট কাগজপত্র তদন্ত কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।
অভিযোগকারীদের দাবি, মসজিদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
অন্যদিকে, অভিযুক্ত সভাপতি জহির উদ্দিন চৌধুরীর বক্তব্য ও অভিযোগের সত্যতা তদন্ত শেষে স্পষ্ট হবে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
* আরো বিস্তারিত আসছেন ভিডিও প্রতিবেদনে।



